ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থানা এলাকার এক বাসা থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ শাকিলা আক্তার ইব্রাহিম শোভার (৩৫) স্বামী কেএম ইব্রাহীম সুবর্ণ বলছেন, তার সঙ্গে অভিমান করে শোভা আত্মহত্যা করেছেন।
শোভা ও সুবর্ণের গ্রামের বাড়ি নোয়খালী জেলার সুধারাম থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতের কোনো এক সময় শোভা মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেকশনের ১৯ নম্বর রোডের এক নম্বর বাসার তৃতীয় তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য শোভার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সুবর্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার সময় আমি, শোভা ও আমাদের একমাত্র ছেলে সোয়ার্দ (৮) ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখি শোভা বিছানায় নেই। রান্ন ঘরে গিয়ে দেখি সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। তারপর পুলিশকে খবর দেই।"
"আমার সঙ্গে অভিমান করে চলে গেছে শোভা", বলেন সুবর্ণ।
তবে শোভা কি নিয়ে অভিমান করেছিলো তা জানাননি তিনি।
সিঙ্গাপুরে কর্মরত সুবর্ণ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ১২ বছর আগে তাদের বিয়ে হয়।
উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে শোভা আত্মহত্যা করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৬৩৩ ঘ.
bdnews24