চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগার মাইল এলাকায় বৃহস্পতিবার বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে ।
নিহতরা হলেন- মো. মিজান (২২) ও সালমান শাহ (১৮)।
দমকল বাহিনী জানিয়েছে, মিজানের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানায় ও সালামানের বাড়ি শাহগাঁথা এলাকায়।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এগার মাইল এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য পাইলিং করার সময় খুঁটিচাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তারা ঠিকাদারের নিয়োগকৃত শ্রমিক।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
দমকল বাহিনীর আগ্রবাদ নিয়ন্ত্রণ কক্ষের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুঁটিচাপায় গুরুতর আহত দুই শ্রমিককে দমকল বাহিনীর হাটহাজারী ইউনিটের সদস্যরা উদ্ধার করে হাটহাজারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এজে/১৫৪৭ ঘ.
bdnews24