২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদী-মেহেন্দীগঞ্জে নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

অনিয়মের অভিযোগ তুলে বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে না বলেও মনে করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগ তুলে বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে না বলেও মনে করছে তারা। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "গৌরনদীতে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ এবং মেহেন্দীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করা হয়েছে। বিএনপি সমর্থক প্রার্থী ও এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।" "দুটি পৌরসভায় সরকারি দলের লোকজন সকাল থেকে কেন্দ্র দখল করে ব্যালট ছিনতাই করে ভোট দিচ্ছে। আমরা অবিলম্বে এ দুটি পৌরসভায় নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি", বলেন তিনি। এ দুটি পৌরসভায় স্থানীয় বিএনপি ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে নজরুল জানান। দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বরিশাল ও খুলনার ৪৯টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। প্রথম দিনে রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় নির্বাচনে বেশিরভাগ স্থানে বিএনপি সমর্থকরা মেয়র পদে জয়ী হয়েছে। বিএনপি প্রথম দিনের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয় দিনে এসে অনিয়মের অভিযোগ তুলে ধরলো। নজরুল বলেন, "বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে না। এটা দুঃসংবাদ। গতকাল রাজশাহী ও রংপুরে জনগণের রায় সরকারের পক্ষে যায়নি বলে আজ (বৃহস্পতিবার) তাদের দলীয় ক্যাডাররা ভোট কারচুপিতে নেমেছে।" অনিয়মের বিভিন্ন অভিযোগ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা আশা করছেন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে। । সংবাদ সম্মেলনে জানানো হয়, পিরোজপুরের স্বরূপকাঠী, পটুয়াখালীর কলাপাড়া, কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, কুমারখালী, যশোরের বেনাপোল, শার্শা, ভোলা ও লালমোহনের বিভিন্ন কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। নড়াইলের কালিয়া পৌরসভায় সরকারি দলের কর্মীরা প্রচার চালাতে বাধা দিয়েছে অভিযোগ করে নজরুল বলেন, "সেখানে একতরফাভাবে নির্বাচন হচ্ছে।" সংবাদ সম্মেলন ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এমএ কাইয়ুম, জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, সাধারণ সম্পাদত শরাফত আলী সপু, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪০ ঘ.