২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীর বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

কেন্দ্র দখলের অভিযোগ এনে বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাওলাদার নুরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র দখলের অভিযোগ এনে বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাওলাদার নুরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নুরুল ইসলাম দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মারধর ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন। গত সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) প্রার্থী হয়েছিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ওদিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাবুদ্দিন হিমু পাতারহাট উত্তর বাজার কাদেরিয়া উলুম কওমি মাদ্রাসা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ও ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন। এজন্য বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এ ঘটনায় মেহেন্দীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বদরুল হক বলেন, "কাউন্সিলর প্রার্থী কেন্দ্রে গন্ডগোল করেছে। এজন্য তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে। এ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু করা হচ্ছে।" পুলিশ সুপার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বরিশালের বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির এক মেয়র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বেলা ১২টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড এমএ লতিফ বহুমুখি আলিয়া মাদ্রসার নির্বাচনী কেন্দ্রে এ মারামারি ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন কেন্দ্রে প্রভার বিস্তারের অভিযোগে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী গোলাম সালহে মঞ্জু মোল্লার সমর্থক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্টেট সোহেল রানার কাছে মৌখিক অভিযোগ জানান ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী অধ্যাপক মন্টু লাল কুন্ডু। এতে গোলাম ফারুক ক্ষিপ্ত হয়ে মন্টু লালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে উভয় দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিযোগ করে মন্টু লাল কুন্ডু বলেন, "গোলাম ফারুক সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঢুকে আমার এজেন্টদের হুমকি ধমকি দিচ্ছেন। তিনি কেন্দ্রে প্রভাব বিস্তার করছেন।" তবে মারামারির ঘটনা অস্বীকার করেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিয়া। গোলাম ফারুক জানান, তিনি মেয়র প্রার্থী গোলাম সালহে মঞ্জু মোল্লার প্রধান নির্বাচনী সমন্বয়কারী। ফলে ভোট কেন্দ্রে ঢোকার অধিকার তার রয়েছে। প্রভাব খাটানোর কথা অস্বীকার করেন তিনি। ওদিকে বানারীপাড়া পৌরসভার মাহমুদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে প্রভার বিস্তার ও ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন ও কুন্দিহার পাড়া কালীবাড়ী কেন্দ্র থেকে কামাল হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভার মধ্যে বরিশালেরও চারটিতে নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/১৪১১ ঙ.