ভোলা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেউ আইনের উর্ধ্বে নয় জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করবেন না। ভোটারদের বিভ্রান্ত করলে প্রমাণ সাপেক্ষে প্রার্থিতা বাতিল করা হবে।"
মঙ্গলবার সকাল ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত এ কথা বলেন।
তিনি বলেন, কেউ যাতে ভোটারদের টাকা-পয়সা দিয়ে কিনতে না পারে সেজন্য প্রশাসনকে নির্বাচনের আগের রাত পর্যন্ত সতর্ক থাকতে হবে।
পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "ভোট কেন্দ্রগুলোতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা হবে। ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হবে।"
যথাসময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, বেশি ব্যয়ের প্রমাণ মিললে অভিযুক্তকে জেল-জরিমানা হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. মেসবাহুল ইসলাম, পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) বশির আহমেদ, জেলা রিটার্নিং অফিসার ইসমাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টায় নির্বাচন কমিশনার ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৃথক দু'টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোলার সভা শেষে নির্বাচন কমিশনার তিনি বোরহানউদ্দিন ও লালমোহনে প্রশাসনের কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24