খুলনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে পাঁচটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব বলেছে, টিনের কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাগুলোর ওজন হবে অন্তত আধা কিলোগ্রাম। বোমাগুলো শক্তিশালী বলেও জানায় র্যাব।
সোমবার রাত ৯টার দিকে খালিশপুরের মাদানীয়া সিদ্দিকিয়া নূরানী স্কিম ক্যাডেট মাদ্রাসার সামনে থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকরা বোমা নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মীর মোদাচ্ছের হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত টহলের সময় র্যাবের একটি বিশেষ দল মাদ্রাসাটির সামনে পৌঁছালে ২/৩ জন লোক একটি ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যরা ওই ব্যাগে এসব বোমা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24