সাভার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত ভুটানের প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার দুপুরে পাঁচদিনের সফরে বাংলাদেশে আসেন তিনি।
ভুটানের প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।
থিনলের সফরসঙ্গী হিসেবে ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৯ জনের একটি প্রতিনিধিদল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, বিকাল ৩টা ৫০ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান।
তাকে স্বাগত জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এম এ মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ও গৃহায়ন সচিব ড. খন্দকার শওকত হোসেন।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থিনলের পুষ্পস্তবক অর্পণের সময় বিউগুলে বেজে উঠে করুণ সুর।
তিনি শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
পরে পরির্দশন বইতে স্বাক্ষর ও সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে সাভার ত্যাগ করেন থিনলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24