পাবনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় বোমা হামলার মামলায় নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক জঙ্গিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার সকালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনজুর কাদির এই রায় দেন।
মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এ সময় তিন আসামি কাঠগড়ায় ছিলেন।
দণ্ডিত জঙ্গির নাম- নুরুল ইসলাম ওরফে কাউসার (৩৬)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নুরুজ্জামান ফকিরের ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- পাবনা সদরের হেমায়েতপুর এলাকার হাসমত আলী (৩৩) ও মুকুল হোসেন (৩৫)।
২০০৫ সালের ১৭ অগাস্ট পাবনা শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়, জজ আদালত এলাকাসহ ১২টি স্থানে বোমা হামলা করে জেএমবি। তবে কেউ হতাহত হয়নি।
একইদিন দেশের প্রায় সব জেলায় বোমা হামলা চালায় এই জঙ্গি সংগঠনটি।
পাবনায় বোমা হামলার ঘটনায় সদর থানার তৎকালীন ওসি ওয়াদেুজ্জামান বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অধিকতর তদন্তে ১৫ জনকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি আখতরুজ্জামান মুক্তা।
আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহাদ বাবু, সনৎ কুমার সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24