২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতের স্থাপনা ভাঙ্গার নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে সব স্থায়ী অস্থায়ী স্থাপনা আগামী সাত দিনের মধ্যে ভেঙ্গে ফেলতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতে সব স্থায়ী অস্থায়ী স্থাপনা আগামী সাত দিনের মধ্যে ভেঙ্গে ফেলতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সৈকতে এসব স্থাপনা নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কক্সবাজার সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করার জন্য কক্সবাজার জেলা প্রশাসককে একটি বিশেষ কমিটি গঠন করতেও বলা হয়েছে। এছাড়া ওই সৈকতে যেন নতুন করে কোন নির্মাণ কাজ হতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে কক্সবাজারের পুলিশ সুপার ও সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রোববার রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদেশের পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আদেশের ফলে দেশের বিকাশমান পর্যটন শিল্প উপকৃত হবে। এছাড়া দেশি বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার আরো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬২২ ঘ.