ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা শিশু নিয়ামুলের সুচিকিৎসার জন্য বোর্ড গটনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় ভিক্ষাবৃত্তি বন্ধের বিধান কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মহাপরিচালককে চিকিৎসা বোর্ড গঠনের নির্দেশ দেয় আদালত।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এ ছাড়া কামরাঙ্গিচর উপ-পরিদর্শক (এসআই) নূরুল আলমের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার কাউকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করতেও বলা হয়েছে।
গত ২ জানুয়ারি ভিক্ষাবৃত্তি বন্ধের বিধান কার্যকর নির্দেশ দেয়। পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তার কারণও জানতে চাওয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিনা খান গত ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন।
ওই প্রতিবেদনে নিয়ামুল নামে সাত বছরের শিশু উদ্ধার ও কোরবান নামে এক আসামিকে গ্রেপ্তারের কথা ছিলো। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্নের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছিলো।
প্রতিবেদনটি পর্যালোচনা করে হাইকোর্ট ওই আদেশ দেয়।
এছাড়া অ্যাডভোকেট এলিনা খানের বিরুদ্ধে কোরবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনায় অ্যাডভোকেট ইফতেখার আহমেদ পিয়ালকে ১২ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।
সোমবার কামরাঙ্গিরচর থানার ওসি, এসআই ও কোরবানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি এ সব নির্দেশের অগ্রগতি জানাতে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/২০৪৩ ঘ.
bdnews24