কুড়িগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত কুড়িগ্রামের ফেলানীকে ৭৩ ঘণ্টা পর দাফন করা হয়েছে।
ফেলানীর বাবাসহ গ্রামের মানুষ এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে।
শুক্রবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। বাবার সঙ্গে ফেলানী ভারত থেকে দেশে ফিরছিলো। ওইদিন সন্ধ্যায় তার বিয়ে নির্ধারিত ছিলো।
স্থানীয় সাংবাদিকরা জানায়, হত্যাকাণ্ডের ৭৩ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার কলোনীটারী গ্রামে ফেলানীর লাশ হাতে পায় স্বজনরা।
ফেলানীর লাশ বাড়ি পৌঁছার পর শোকার্ত আত্মীয়-স্বজনের মাতম আর গ্রামবাসীর দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে পরিবেশ। ফেলানীর বাবা নূরুল ইসলাম বার বার মুর্ছা যাচ্ছিলেন। তার মা ও ভাই-বোনরা রয়েছে ভারতে।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয় জেঠা আব্দুল মালেকের ভিটায়।
নূরুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, চোখের সামনে পাখির মতো গুলি করে মারলো আমার কলিজার টুকরাকে। বাবা হয়েও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি মেয়েকে। আমি এর বিচার চাই।
শনিবার দুপুর ১২টায় বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হয়। এরপর ফুলবাড়ী থানা পুলিশ লাশের ময়না তদন্তের জন্য পাঠায় কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে। রোববার বিকেল ৩টায় লাশের ময়না তদন্ত শেষ হয়।
ইয়াকুব আলী (৫৬), আব্দুল হাশেম (৪৫) ও তাজেল মামুদসহ (৫৫) গ্রামের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সে (ফেলানী) গরীব এটাই কি অপরাধ? পেটের দায়ে বাবার সঙ্গে কাজ করতে গিয়েছিলো ভারতে।
নুরুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের পরপরই তার মা তাকে নিয়ে ভারতে যান। সেই থেকে তিনি আসামের বনগাইগাঁওয়ের টুনিয়াপাড় ভাওলাকুড়ি বস্তিতে বসবাস করে আসছেন। সেখানে তিনি স্ত্রী জাহানারাসহ পানের দোকান করে জীবিকা নির্বাহ করেন। দেশে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যান সেখানে। তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে ফেলানী ছিল সবার বড়।
তিনি জানান, আত্মীয়-স্বজনরা ফেলানীর বিয়ে ঠিক করেছিলো। লালমনিরহাটের কুলাঘাট এলাকার ইদ্রিস আলীর ছেলে পোশাক শ্রমিক আমজাদ আলীর সঙ্গে বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় ছিল এ বিয়ের আয়োজন।
নূরুল ইসলাম মেয়ের হত্যার বিচারের পাশাপাশি ফেরত চান ভারতে অবস্থানরত তার স্ত্রী জাহানারা বেগম এবং সন্তান মালেকা বেগম, জানুদ্দিন, আরাফান আলী, আক্কাস আলী ও কাজলীকে। তিনি আর ভারতে যাবেন না বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24