জামালপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর পৌরসভার নির্বাচনে মহাজোট এবং চারদলীয় জোটের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। ভাংচুর হয়েছে দুই প্রার্থীরই প্রচার কেন্দ্র।
শনিবার রাতে জেলা শহরের দেওয়ানপাড়ার ওই সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।
আগামী ১৭ জানুয়ারি জামালপুরে পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে। তার আট দিন আগে এ সংঘর্ষ হলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চারদলীয় জোট সমর্থিত প্রার্থী শাহ্ ওয়ারেছ আলী মামুনের প্রচার কেন্দ্র থেকে মহাজোট সমর্থিত প্রার্থী আমান উল্লাহ আকাশের সমর্থকরা পোস্টার ছিনিয়ে নিলে রাত ৯টার দিকে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পুলিশের ওপরও ইট ছোড়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী সাংবাদিকদের বলেন, সংঘর্ষে তিন জন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
রাতে শহর বিএনপি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করা হয়।
শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব বলেন, সন্ধ্যায় দেওয়ানপাড়ায় জোট প্রার্থীর প্রচার কেন্দ্র থেকে মহাজোট প্রার্থীর সমর্থকরা পোস্টার ছিনিয়ে নেয়।
"আমরা তা পুলিশকে জানালে মহাজোট প্রার্থীর সমর্থকরা প্রচার কেন্দ্র নিজেরাই ভাংচুর করে আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে। পরে তারা আমাদের প্রচার কেন্দ্রের ওপর হামলা চালায়", বলেন তিনি।
বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক সুষ্ঠু নির্বাচনের জন্য জামালপুর পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানান।
অপরদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আরেক সংবাদ সম্মেলনে বলা করা হয়, চারদলীয় জোট প্রার্থীর সমর্থকরা তাদের প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে এখন মহাজোট প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চোধুরী, মহাজোট প্রার্থী আমানউল্লাহ আকাশ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24