ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাহিদা তারেখ দিপ্তীর বাসায় ডাকাতি হয়েছে।
রোববার ভোররাতে একই সময়ে সাহিদার বাড়ির মালিক প্রয়াত এক সেনা কর্মকর্তার বাসায়ও ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।
ডাকাত দল দুই বাড়ি থেকে সাড়ে ৫ লাখ টাকা এবং ৮০ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
পল্লবীর ৩৪/২ নম্বরের যে বাড়িতে ডাকাতি হয়েছে, সে বাড়ির মালিক প্রয়াত এক মেজর। ওই বাড়িরই নিচ তলায় ভাড়া থাকতেন সাহিদা।
পল্লবী থানার উপপরিদর্শক ফিরোজ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোতলায় মেজর জিয়ার বাসায় ডাকাতির পর সংসদ সদস্যের বাসায় ঢোকে ডাকাতরা।
সাহিদার বাসা থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার এবং মেজর জিয়ার স্ত্রী নিগার সুলতানার বাসা থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৫৫ হাজার টাকা লুট হয়েছে।
দোতলা ওই বাড়ি তিন তলা করার কাজ চলছিলো জানিয়ে পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, সম্ভবত ডাকাতরা আগেই তৃতীয় তলায় আত্মগোপন করে ছিলো। রাত ৩টার দিকে তারা ডাকাতি শুরু করে। দুই বাসা মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
তিনি জানান, দোতলায় বাড়ির মালিকের বাসায় ঢুকে নিচতলার গ্যারেজের চাবি নেয় তারা। এরপর গ্যারেজ লাগোয়া সাহিদার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বাঁধে এবং মুখে টেপ লাগায়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি।
এদিকে একই ভোররাতে সবুজবাগের মধ্যবাসাবোয় ব্যবসায়ী বাসেত তালুকদারের বাসায় ডাকাতি করে একদল ডাকাত। তার অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে নগদ চারলাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ ১০লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন বেলা ১১টার দিকে পল্লবীতে সংসদ সদস্য দিপ্তীর বাসায় বাসায় যান। এসময় ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন।
স্বরাস্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনাটি দুঃখজনক। ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে বলা হয়েছে। তবে এ ঘটনা প্রমান করেনা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল।
রাজধানীর পল্লবীতে সংসদ সদস্যের বাসায় এবং সবুজবাগে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনার পর পুলিশ রাজধানী জুড়ে সর্তক অবস্থা নিয়েছে। থানা পুলিশ ছাড়াও র্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/কেএমএস/১৯৪৮ ঘ.
bdnews24