কুষ্টিয়া/পাবনা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালনশাহ সেতুর পাবনা প্রান্তে টোল প্লাজার কাছে মাইক্রোবাস উল্টে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আহত হন তিন কনস্টেবল।
শনিবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরুল ইসলাম, এসআই মাহবুব আলম এবং ব্যাটালিয়ন আসনার সদস্য রফিকুল ইসলাম। সমিরুলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এবং রফিকুলের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়।
আহতরা হলেন- ওই থানার কনস্টেবল কামরুন নাহার রোজী, সোহেল রানা ও অলিয়ার রহমান।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি টহল দল ঈশ্বরদীর রূপপুরে যাচ্ছিল গাড়ির জ্বালানি আনতে।
রাত সাড়ে ৯টায় সেতু পার হয়ে পাবনা প্রান্তের টোল প্লাজায় পৌঁছলে মাইক্রোবাসটি রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সমিরুল।
রাত ১০টার দিকে পাবনা হাসপাতালে মারা যান রফিকুল ইসলাম। রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এসআই মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24