২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে জুয়েলারি দোকানে চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু'টি জুয়েলারি দোকানে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

মৌলভীবাজার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু'টি জুয়েলারি দোকানে চুরি হয়েছে। শুক্রবার রাতে শাপলা সুপার মার্কেটের রাধারানী জুয়েলার্স ও রাজু মনিপুরী জুয়েলার্সে এ চুরি হয়। শনিবার দুপুরে পুলিশ মৌলভীবাজার সদর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজকে গ্রেপ্তার এবং শ্রীমঙ্গল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের পাঁচ নৈশ প্রহরীকে আটক করেছে। গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক, শামিম ও আতিক। আটক নৈশ প্রহরীরা হলেন- শাপলা মার্কেটের নন্দ, নির্মল, মিলন, সংচার ও প্রেমচাঁদ। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কদর আলী বলেন, শাপলা মার্কেটের দু'টি জুয়েলারি দোকান থেকে আনুমানিক এক কোটি টাকারও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুবৃৃত্তরা। শাপলা মার্কেটের ব্যাবসায়ী আখতার হোসেন বলেন, শুক্রবার ছুটির দিনে মার্কেট বন্ধ ছিল। শনিবার সকালে এসে রাধারানী জুয়েলার্সের কর্মচারীরা পিছনের দেওয়াল ভাঙা দেখেন। ভেতরের সব আসবাবপত্র ছিল এলামেলো। সব স্বর্ণালংকার নিয়ে গেছে। রাধারানী জুয়েলার্সের মালিক বাদল সরকার বলেন, তার দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ সোয়া দু'শ ভরি, যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এই জুয়েলার্সের ব্যবস্থাপক পঞ্চম হাজরা বলেন, ঘটনার আকস্মিকতায় তার দোকানের মালিক বাদল সরকার অসুস্থ হলে কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে রাজু মনিপুরী জুয়েলার্সের ব্যবস্থাপক শিবলাল বলেন, তাদের দোকান থেকে দূর্বৃত্তরা ৩০-৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদ ইসলাম বলেন, পুরো ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুল আজিজ বলেন, বেলা ২টার দিকে মৌলভীবাজার সদরের সেন্ট্রাল রোডের মাতৃ জুয়েলার্সে বিক্রির সময় পুলিশ সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা এ চুরির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছ্রে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের পাঁচ নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.