লিয়াকত আলী বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রংপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাসহ রংপুরের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার রংপুর জিলা স্কুল মাঠে মহাজোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও এতে অংশ নেন।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সরকারি সফরে রংপুর এলেন শেখ হাসিনা। হেলিকপ্টারে চড়ে দুপুরে রংপুর পৌঁছে প্রথমেই গঙ্গাচড়ায় সেনাবাহিনীর একটি মহড়া দেখতে যান তিনি। বিকালে তিনি জনসভায় বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়া রংপুরের বাসিন্দা। পৈত্রিক এলাকা গোপালগঞ্জের পাশাপাশি শ্বশুরবাড়ির এলাকা রংপুর-৬ আসনে বর্তমানে সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন হাসিনা, যদিও পরে তা ছেড়ে দেন।
তবে রংপুরের বধূ হিসেবে ওই অঞ্চলের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে শেখ হাসিনা জনসভায় বলেন, "আমার একটা দায়িত্ব আছে। রংপুরের উন্নয়নের জন্য যা যা করা দরকার, তা করবো।"
তিনি বলেন, "রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। মহাজোট নির্বাচনের সময় ওয়াদা করেছিলো, ক্ষমতায় গেলে রংপুরকে বিভাগ করা হবে। রংপুর বিভাগের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়াও রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস আজ উদ্বোধন হলো।"
বিরোধী দলের সমালোচনা করে হাসিনা বলেন, "তাদের কাজ হলো বিরোধিতা করা। তারা ক্ষমতায় থাকাকালে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। আমরা এরই মধ্যে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছি। ২৪টি বিদ্যুৎ কেন্দ্র কাজ শুরু হয়েছে।"
"আমরা কথার রাজনীতি নয়, জনগণের সেবা করার জন্য কাজ করছি। বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। মাত্র ২ বছরে প্রায় ২ লাখ লোককে চাকরি দেওয়া হয়েছে, যা কোনো সরকার এর আগে পারেনি", বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা শাসক নই, জনগণের সেবক হয়েই দেশ শাসন করতে চাই।"
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহাম্মেদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রওশন এরশাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা প্রমুখ।
রংপুরের উন্নয়নে কর্মসূচি ঘোষণা
রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং মহানগর পুলিশ গঠনসহ ওই অঞ্চলের জন্য বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি ইউনিট, বার্ন ইউনিট ও ট্রমা সেন্টার স্থাপন, রংপুর স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তর, মহিলাদের জন্য ইনডোর স্টেডিয়াম ও সুইমিংপুল স্থাপন, রংপুর-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু, সৈয়দপুর বিমান বন্দর পুনরায় চালু ইত্যাদি।
জনতা রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি জানালে প্রধানমন্ত্রী সে দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, এ জন্য নতুন গ্যাস কূপ খনন করে গ্যাসের চাহিদা মিটিয়ে গ্যাস সরবরাহ করা হবে।
রংপুর অঞ্চলকে মঙ্গামুক্ত করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
মহাজোট আছে, থাকবে: এরশাদ
মহাজোট শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ জনসভায় বলেন, "মহাজোট নির্বাচনী জোট নয়, সংগ্রাম আর আন্দোলনের জোট, গণতন্ত্র প্রতিষ্ঠার জোট। ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মহাজোট আছে এবং থাকবে।"
বঙ্গবন্ধু হত্যকারীদের ফাঁসির রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার শুরু ও জঙ্গি দমনে সরকারের পদক্ষেপ সফল বলে বর্ণনা করেন তিনি।
রংপুরের বাসিন্দা এরশাদ বলেন, "রংপুরের পুত্রবধূ হিসেবে তিনি আমাদের অতি আপনজন। প্রধানমন্ত্রী রংপুর এসে আমাদের ধন্য করেছেন।"
রংপুরে পাইপলাইনে গ্যাস সরবরাহ করে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার বন্দোবস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে এরশাদ বলেন, "রংপুরের মানুষ আর 'মফিজ' হতে চায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24