২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরিন হত্যা: আসামী প্রেমিক গেপ্তার

রাজধানীতে আলোচিত শিরিন হত্যা মামলার একমাত্র আসামী ফারুককে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আলোচিত শিরিন হত্যা মামলার একমাত্র আসামী ফারুককে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ। গত বছরের ২ মে বেলা আড়াইটার দিকে সবুজবাগ থানার মাণ্ডা এলাকার জনৈক আব্দুস সোবাহানের বাড়ির দোতলার ভাড়াটের একটি কক্ষ থেকে শিরিনের (২৮) বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুস সোবাহানের স্ত্রী আফরোজা পারভীনের অভিযোগের ভিত্তিতে সবুজবাগ থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক এমরান হোসেন ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে শিরিনের কথিত প্রেমিক ওমর ফারুককে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে সনাক্ত করেন। পরে বুধবার রাতে আরামবাগের কালভার্ট রোড থেকে ফারুককে (২৮) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক গত বছরের ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ টায় শিরিনকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ফারুক আরো জানায়, পাশাপাশি বাসায় থাকার সময় শিরিনের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে মনোমালিন্যের এক পর্যায়ে সে শিরিনকে গলাটিপে খুন করে। উপপরিদর্শক এমরান হোসেন আরো বলেন, ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিরিনের আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়ায় ওই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিলনা পুলিশ। পরে একটি মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ফারুককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেটি/এইচএ/২০২৪ ঘ.