চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছিলো আদালত। কিন্তু এই নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আদালতের আদেশের চিঠি পেয়েছেন তদন্ত কর্মকর্তা।
সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়া, শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্মাণ সামগ্রী লুটপাটের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-১ ফেরদৌস বেগম মুন্নী ও তার স্বামী আবদুল কাইয়ুমের বিরুদ্ধে বুধবার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন।
মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালত অভিযোগ আমলে নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে আদালতে জমা দেওয়ার জন্য বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনারকে (এসি) আদেশ দেন।
এই আদেশের কপি বৃহস্পতিবার বিকাল ৫টায় সিএমপি'র এসি (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বরাবরে এসে পৌঁছায়।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদেশের কপি বিকালে তদন্ত কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে।'
মামলার তদন্ত কর্মকর্তা এসি (পাঁচলাইশ জোন) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের অনুলিপি বিকালে আমার হাতে এসে পৌঁছেছে।"
মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় প্রার্থণা করে আবেদন জানাবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৯৫৭ ঘ.
bdnews24