চুয়াডাঙ্গা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে হিজবুত তৌহিদের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা পুলিশ।
তাদের কাছ থেকে বেশ কয়েকটি জিহাদি বই, কম্পিউটার ডিস্ক (সিডি) ও প্রচারপত্র উদ্ধার করেছে।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান।
এরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার বাওড়পুর গ্রামের শাহ আলম (৪০), শামীম হোসেন (২৩) ও শরিফুল ইসলাম (৩৭), বাগানপাড়া গ্রামের আওলাদ হোসেন (২৮), মো. নবিস উদ্দিন (৪০ ) ও বেলাল হোসেন (২০), সিন্দুরকোটা গ্রামের মো. হাসমত উল্লাহ (১৯), মো. মিরাজুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম (২৭), ছাতিয়ান গ্রামের মো. নাজিমউদ্দিন (৪০) ও আকাবুল হোসেন (২৮)।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এস এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ প্রথমে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশেডাঙ্গা স্কুল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এরপর পদ্মবিলা থেকে তিনজন, ডিঙ্গেদহ থেকে তিনজন ও শহরের হাসান চত্ত্বর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এরা সবাই গাংনীর বিভিন্ন গ্রাম থেকে এসে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও ডিঙ্গেদাহ এলাকায় সংগঠন গড়ে তোলা ও সদস্য সংগ্রহের কাজ করছিলো বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- খানে দজ্জাল শিরোনামের ১৮টি বই, ১৬টি সিডি, ইসলাম জিহাদ বিষয়ক ১১টি বই ও ৭০টি প্রচারপত্র।
তিনি জানান, তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.
bdnews24