ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
আবুল কালাম আজাদ বলেন, "জনসচেতনতা বৃদ্ধি, তথ্যের প্রকাশ ও বিকাশ এবং বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সমাধানে ভূমিকা রাখা গণমাধ্যমগুলোর দায়িত্ব। এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখলে জনগণ উপকৃত হবে।"
দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে ''তথ্য অধিকার ও গণমাধ্যম'' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, "জনগণের আশা-আকাঙ্খা ও মতামতের প্রতিফলন ঘটছে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ঘটে যাওয়া অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণমাধ্যম প্রতিবাদের সঙ্গে সঙ্গে মানুষকে সংগঠিত করে।"
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহরিয়ার আলম, তথ্য কমিশনার ড. সাদেকা হালিম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, ফরিদ হোসেন ও আব্দুল কাইয়ুম মুকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৮৫০ ঘ.
bdnews24