২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ডাকাত নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ময়মনসিংহ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে। আরো দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জিয়াউর রহমান (৩০) ডাকাত দলটির সর্দার ছিলেন। তার বাড়ি উপজেলার বারইহাটি গ্রামে। জিয়ার বিরুদ্ধে গফরগাঁও থানায় খুন, ডাকাতিসহ বেশ কয়েটি মামলা রয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হায়াতুল ইসলাম খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত সাধুয়া গ্রামের প্রবাসী মান্নান শেখ, নূর মোহাম্মদ শেখ ও হামিদ শেখের বাড়িসহ পাঁচটি বাড়িতে হানা দেয়। তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালানোর সময় এলাকাবাসী ঘেরাও করে ফেলে। পুলিশ কর্মকর্তা জানান, এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণধোলাইর শিকার হয় জিয়াসহ তিন ডাকাত। বাকি দুজন হলেন- গফরগাঁওয়ের মাইজ বাড়ি গ্রামের সাদ্দাম (২৫) ও সেকান্দর (২৭)। গফরগাঁও থানায় খুন ও ডাকাতির দু'টি মামলা হয়েছে বলে জানান এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.