ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার হোমিও চিকিৎসক আজিজুল হক অপহরণ মামলায় মুফতি মোহাম্মদ ইজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শামীমা পারভীন পুলিশের আবেদনের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজত মঞ্জুর করেন।
এ সময় ইজহারের হেফাজতের আবেদন নামঞ্জুরের আবেদন জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এমদাদুল ইসলাম খান পনীর।
গত রোববার ইজহারকে আদালতে হাজির করে তাকে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ফজলুল কবীর। সেদিন একই বিচারক মঙ্গলবার আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, মুফতি ইজহার চিকিৎসক আজিজুল অপহরণের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
এই মামলায় গ্রেপ্তারকৃত এক ব্যক্তির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুফতি হান্নান, ইজহার ও আরো কয়েকজনের নাম বলেছেন।
মূল অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারের জন্য ইজহারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
আজিজুল অপহরণ মামলার নথিপত্র থেকে জানা যায়, এই মামলায় এর আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান মুফতি আবদুল হান্নানকে কয়েক দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০০৩ সালের ৪ সেপ্টেম্বর সকালে মাওলানা জুবায়ের নামের এক ব্যক্তি রোগী দেখার নাম করে চিকিৎসক আজিজুলকে তার মিরপুরের বাসা থেকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তারপর থেকে আজিজুল নিখোঁজ।
তার স্ত্রী হোমিও চিকিৎসক ফারহানা আকতার জুঁই ঘটনার ১৯দিন পর মিরপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অপহরণের মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24