ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ তিনজনকে আটক করেছে।
এরা হলেন তার দেহরক্ষী মিনহাজ ও সোহাগ এবং ইয়াকুব। ইয়াকুবের বাসায় বৈঠক চলাকালে খলিলুর রহমান খুন হন।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের সমিতি, নেতৃত্ব ও টাকাপয়সা নিয়ে বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্যে তিনজনকে আটক করা হয়েছে।"
ঘটনাস্থল থেকে খলিলুরের দৃষ্টিমান দেহরক্ষী শুভ পালিয়ে গেছে। তাকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের জট খোলা সহজ হবে বলে ওসি জানান।
ওসি ওয়াজেদ বলেন, "শুভর আচরণ সন্দেহজনক। দেহরক্ষী হওয়া সত্ত্বেও সে প্রথমেই পালিয়ে গেছে। তাকে পাওয়া গেলে অনেক কিছু জানা যাবে।"
মামলা প্রসঙ্গে তিনি বলেন, "নিহতের স্বজনদের মামলা করার জন্যে অনুরোধ জানিয়েছি। তারা যত দ্রুত মামলাটি করতে পারবেন, সেটাই ভালো হবে।"
নিহতের শ্যালক গাজী হোসেন রিপন জানান, সংগঠন ও নির্বাচন নিয়ে তার ভগ্নিপতিকে হত্যা করা হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইতোপূর্বে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছিল।
রাতে তারা একটি মামলা করতে পারেন বলে তিনি জানান।
শনিবার রাতে মিরপুর-১ সংলগ্ন জনতা হাউজিং এর একটি বাসায় খলিলুর রহমানকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী।
তিনি এ সময় সাংগঠনিক বিরোধ মেটাতে ইয়াকুব আলী নামের একজন সদস্যের বাসায় বসে বৈঠক করছিলেন।
জাতীয় অন্ধ সংস্থা নামের সংগঠনটিতে ১৯৯৫ সাল থেকে খলিলুর রহমান মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তার বিরুদ্ধে সংগঠনের তহবিল, সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে দুর্নীতির অভিযোগ আছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকালে মিরপুরে বিক্ষোভ করেছেন অন্ধ সংস্থার সদস্যরা। কয়েকশত দৃষ্টি প্রতিবন্ধী মিরপুর এক নম্বর গোলচত্বর এলাকা থেকে মিছিল নিয়ে গিয়ে মিরপুর থানার সামনে বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/কেএমএস/২২৪২ ঘ.
bdnews24