২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাসচাপায় নিহত ৪

নাটোর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

নাটোর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছে। এরা একটি অটোরিকশার আরোহী। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে গিয়ে দমকল বাহিনীর ছয় সদস্য বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন। জনতা দমকল বাহিনীর গাড়িও ভাংচুর করে। রোববার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার বাকশোরঘাট গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে। নিহতদের মধ্যে চালকসহ তিনজনের পরিচয়া পাওয়া গেছে। এরা হলেন- নাটোর শহরের কানাইখালি মহল্লার অটোরিকশা চালক বাবুল প্রামাণিক (৪৫), যাত্রী একই এলাকার শফিকুল ইসলাম (৩৫) ও জেলার সিংড়া উপজেলার বামনমাঝগ্রামের সুধানন্দ চন্দ্র দাস (৫৫)। আরেক যাত্রী পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নাটোর সদর থানা ও দমকল বাহিনী জানায়, সন্ধ্যা ৬টার দিকে নাটোর থেকে বগুড়া যাওয়ার সময় ঝটিকা নামের যাত্রীবাহী একটি বাস বাকশোরঘাট গ্রামের কাছে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই চারজন মারা যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং দমকল কর্মীদের গাড়িতে হামলা চালায়। এতে নাটোর দমকল স্টেশনের কর্মকর্তা আব্দুর রউফসহ ছয়জন আহত হন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। দমকল কর্মী হায়দার আলীও ঘটনাটি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.