ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলানগর থানার এক ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার গভীর রাতে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার অজ্ঞাত লাশটি একজন ইমামের।
হাফেজ ইসহাক (৫০) নামে ওই ইমামের লাশ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শনাক্ত করেন ইসহাকের ছেলে ও ছোট ভাই।
ভাই শুয়াইব সাংবাদিকদের জানান, ইসহাক রমনা থানা জামে মসজিদের একজন ইমাম ছিলেন। ২০ ডিসেম্বর সোমবার জোহরের নামাজের পর এক ব্যক্তি ডেকে তাকে অটোরিক্সায় করে নিয়ে যায়।
বাসায় না ফেরায় সেদিনই রমনা থানায় জিডি ও পরের দিন মামলা করা হয় বলে জানান শুয়াইব।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে মিরপুর শেওড়াপাড়া শামিম স্বরনির ৫৪৯/এ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ইসহাকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক বলেন, "ওই ফ্ল্যাটের মালিক মোমিনুল হক পুলিশকে জানার, 'ডিসেম্বর মাসের ৬ তারিখে এক মহিলাসহ মাসুদ ও মামুন নামে দুজন ফ্ল্যাটটি ভাড়া নেয়।'"
লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইসহাকের বড় ছেলে হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ওই মসজিদে ২৫ বছর ধরে ইমামতি করেন।
নিহত ইসহাকের গ্রামের বাড়ি গোপালগঞ্জের ভবানীপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24