রাজশাহী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর হাসপাতালে ভাংচুর চালিয়েছে ওই রোগীর স্বজনরা।
বৃহস্পতিবারের এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসপাতালে বিকালে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেশাফাতুল্লা সরদারের (৪০) মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন।
মৃতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলাই এই মৃত্যুর কারণ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশাফাতুল্লার মৃত্যুর পর হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে টেবিল চেয়ার ও জানালার কাচ ভাংচুর করে স্বজনরা। পরে পুলিশ এসে দুজনকে আটক করে।
এ বিষয়ে ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক আকলিমা দেলোয়ার জান্নাত সাংবাদিকদের বলেন, "রোগীর অবস্থা বেশ জটিল ছিলো। সাধ্যমত চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।"
রাজপাড়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, হাসপাতালে ভাংচুরের ঘটনায় চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান ও ভাতিজা হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৬ ঘ.
bdnews24