ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে সাব্বির হত্যামামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ আরো একবার পিছিয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এমদাদুল হক এ মামলার তদন্তকারী কর্তৃপক্ষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে আগামী ১১ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক মো. ফরিদ এবং কনস্টেবল শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিলে ব্যর্থ হন।
তদন্ত প্রতিবেদন দাখিল এ নিয়ে একাদশবারের মতো পেছালো। এর আগে গত ৮ অগাস্ট মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছায়।
মামলাটির তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার সৈয়দ মমিন হোসেন।
এ মামলার অন্য আসামিরা হলেন, প্রাইম ব্যাংক ও ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলেপমেন্টের পরিচালক আবু সুফিয়ান এবং সাবেক বিএনপি সাংসদ কাজী সালিমুল হক কামাল।
বৃহস্পতিবার মামলার প্রধান আসামি জামিনে থাকা শাহ আলমের পক্ষে তার আইনজীবী সময় চান। তার পক্ষে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করা হলে বিচারক আগামী ধার্য তারিখে সে আবেদনের শুনানির জন্য দিন রাখেন।
সালিমুল হক কামালের পক্ষে হাজিরা দেন তার আইনজীবী। এর আগে তার ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হয়। এ সময় অপর আসামি আবু সুফিয়ান আদালতে হাজির ছিলেন।
এ মামলায় বসুন্ধরা গ্র"পের অন্যতম পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার তদন্ত ধামাচাপা দিতে শাহ আলমের পক্ষ থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
২০০৮ সালের ৮ মে তারিখে রমনা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার আরমান আলী।
২০০৬ সালের ৬ মে তারিখে হুমায়ুন কবির সাব্বিরের লাশ বসুন্ধরা আবাসিক এলাকার কাছে থেকে উদ্ধার করা হয়। ওই হত্যার দায় দায়িত্ব থেকে শাহ আলমের ছেলে সানবীরকে বাঁচাতে এ ঘুষ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24