২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, ওই ব্যক্তি বাংলাদেশে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সমন্বয়কারী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, ওই ব্যক্তি বাংলাদেশে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সমন্বয়কারী। মো. ইমরান মিয়া (৪৩) নামে ওই ব্যক্তিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আহসানুজ্জামান বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ইমরানকে গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, "বেশকিছু দিন ধরে ইমরান সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকার ভাড়া বাড়িতে বাস করছিলো। সে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা'র বাংলাদেশের সমন্বয়কারী। সে অনেকবার পাকিস্তানে যাতায়াত করেছে। যা থেকে প্রতীয়মান হয়, ওই সংগঠনের সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে।" র‌্যাব জানায়, ইমরানের কাছে বৈদেশিক জাল মুদ্রা, মোবাইল সেট, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, পাকিস্তানি ভাষায় ধারণকৃত দুটি ভিডিও সিডি ও জিহাদি বই পাওয়া গেছে। ইমরানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাইকপাড়া গ্রামে। র‌্যাব কর্মকর্তা আহসান বলেন, ইমরান বাংলাদেশে লস্কর-ই-তৈয়বা'র নতুন সদস্য সংগ্রহ ও তাদের পাকিস্তান পাঠানোর জন্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ করছিলো। "ইমরান একটি দেশের গোয়েন্দা সংস্থার চর হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করে। পরে লস্কর-ই তৈয়বার সঙ্গে জড়িত হয়। সে জঙ্গি সংগঠনের অর্থ লেনদেনের সঙ্গে জড়িত", বলেন তিনি। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করেননি র‌্যাব কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশে কোথায় কোথায় লস্কর-ই তৈয়বার সদস্যরা তৎপরতা চালাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এস সোহায়েল বলেন, "এর আগে লস্কর-ই-তৈয়বার কয়েকজন পাকিস্তানি সদস্য গ্রেপ্তার হয়। তখনি আমরা নিশ্চিত হই এই পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার সঙ্গে স্থানীয় কিছু জঙ্গি জড়িত।" "তাদের সম্পর্কে আমরা খোঁজ খবর নিতে শুরু করি। এই তদন্তের ধারাবাহিকতায়ই ইমরান মিয়া ধরা পড়েছে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১০ ঘ.