ফেনী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী এলাকায় ফেনী নদীতে জলদস্যুর হামলায় অন্তত ২৫ জেলে আহত হয়েছেন।
এ সময় তারা দু'টি মাছধরা ট্রলার ডুবিয়ে দেয় এবং দু'টি ট্রলার নিয়ে যায়।
মঙ্গলবার রাতে সোনাগাজীর আবুল্লার চর এলাকায় বঙ্গোপসাগরে ফেনী নদীর মোহনায় এ হামলা হয়। চলতি মাসে এটি জলদস্যু হামলার তৃতীয় ঘটনা।
আহত জেলেদের ফেনী সদর হাসপাতাল, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলেরা জানান, বঙ্গোপসাগরে ফেনী নদীর মোহনায় মাছ ধরতে যাওয়ার সময় রাত ৯টার দিকে ২৫/৩০ জন জলদস্যু জেলেদের ওপর বন্দুক, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
হামলায় আহতরা হলেন- কামাল হোসেন (৩৫), শাহাবুদ্দিন (২৬), আবু তাহের (৩৫), আব্দুল বারেক (৩৪), দুলাল মিয়া (২৬), আব্দুল করিম (৩৫), মাহমুদুল হক (৪০), বশির মাঝি (৪৫), মো. দুলাল (৩৬), আবুল হাসেম (৩৬), জয়নাল আবেদিন (২৫), মাইনুদ্দিন (৩০), রিপন মিয়া (২৩), হেলাল মিয়া (২১), আবু আহাম্মদ (৩০), বাতেন মাঝি (৪২), আব্দুল মতিন (৩৫), নুর ইসলাম (৪৩) ও কবির (৩০)। বাকিদের নাম জানা যায়নি।
ট্রলার মালিক হাসেম মাঝি ও শুক্কুর মহাজন জানান, দু'টি ট্রলার ডুবিয়ে দিয়েছে এবং দু'টি জলদস্যুরা নিয়ে গেছে। এই চারটি ট্রলারের দাম প্রায় ২৪ লাখ টাকা।
তারা আরো জানান, গত ৩ সেপ্টেম্বর একই স্থানে দু'টি ট্রলার ও ১৯ সেপ্টেম্বর তিনটি ট্রলার নিয়ে গেছে জলদস্যু টিপু বাহিনীর সদস্যরা।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24