২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শপথ নিচ্ছেন খায়রুল হক

নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহম্পতিবার শপথ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহম্পতিবার শপথ নেবেন। একইদিন বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম অবসরে যাচ্ছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবভবনে খায়রুল হককে শপথবাক্য পাঠ করাবেন। এরপর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। বুধবার বিচারপতি খায়রুল হকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের এ বিচারপতিকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের দিন থেকেই খায়রুল হকের নিয়োগ কার্যকর হবে। চাকরির বয়স অনুযায়ী খায়রুল হকের ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের কথা। গত বছরের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। মাদারীপুর জেলার রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯৪৪ সালের ১৮ মে খায়রুল হকের জন্ম। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' করেন। খায়রুল হক ১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। খায়রুল হক ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০০ সালের ২৭ এপ্রিল। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত রায়, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত রায়, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ বিষয়ে রায়, ঢাকার চার প্রধান নদী রক্ষার রায়, ঢাকার ট্যানারি সরানোর রায়ে খায়রুল হকের সম্পৃক্ততা রয়েছে। খায়রুল হক বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রধানের দায়িত্বে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/১৩২৪ ঘ.