ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও ঝিনাইদহে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহে বাসচাপায় নিহত হয়েছেন এক প্রকৌশলী। আর ঝিনাইদহে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আহসান নগরে সিরাজগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়।
প্রাইভেট কারটি খুলনা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল।
নিহতরা হলেন- প্রাইভেটকার চালক মাসুম ( ৩৫ ) ও আরোহী খুলনার মুজগুন্নি এলাকার আকতারুন্নেছা (৫৫ )।
শৈলকূপা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে অর্ধেক অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই কার চালক মাসুম মারা যান। আরোহী আকতারুন্নেছা ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।
কারের অপর আরোহী আকতারুন্নেছার স্বামী মো. সালাউদ্দিনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ভালুকা ডিগ্রী কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাসুম (২৬) নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে হালুয়াঘাট যাচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সোবহান জানান, এ ঘটনায় স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24