মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে 'কৃষি সুরক্ষা ও ভূমি জোনিং আইন, ২০১০'-এর খসড়া তৈরি শেষ করেছে ভূমি মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের মতামত (ভেটিং) নেওয়াসহ আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষ করে চলতি বছরের শেষ দিকে আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই আইনটি পরবর্তী সংসদে পাসের জন্য তোলা হতে পারে বলে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নতুন আইন অনুযায়ী কৃষি জমিতে বসত বাড়ি বা শিল্প-কারখানাসহ যে কোন প্রতিষ্ঠান স্থাপনের জন্য সরকারের অনুমতি নিতে হবে। আইন অমান্য করলে অমান্যকারীর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে।
ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো এমন একটি আইন প্রণয়নের কথা স্বীকার করে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন বাড়ানো প্রয়োজন।"
তিনি বলেন, "কৃষি জমির যথেচ্ছ ব্যবহার রোধ করতে সরকার নতুন এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এজন্য ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। কমিটি ইতোমধ্যেই একটি খসড়া তৈরি করেছে। এটি সংশোধন ও পরিমার্জনের কাজ চলছে। দ্রুতই এর খসড়া চূড়ান্ত করা হবে।"
মন্ত্রী আরো বলেন, "বর্তমানে দেশে ভূমি ব্যবহার নীতিমালা থাকলেও কোনো আইন নেই। বিদ্যমান নীতিমালায় কিছু ক্ষেত্রে কৃষি জমি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তা মানা হয়না। নীতিমালা লংঘনকারীর বিরুদ্ধে কোনো শাস্তির বিধান নেই। ফলে কেউ এ নীতিমালা মানছে না।
"এ অবস্থায় ভূমি মালিকরা যথেচ্ছভাবে কৃষি জমি নষ্ট করে বসতভিটা, কল-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করছে। এ কারণে প্রতি বছরই এক শতাংশ হারে কৃষি জমি কমছে। এতে দেশে খাদ্য উৎপাদনে ঘাটতির পরিমাণ বাড়ছে। বেশিরভাগ পণ্যই আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে। এ অবস্থা দূর করতে কৃষি জমি সংরক্ষণে আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে", বলেন তিনি।
রেজাউল করিম হীরা বলেন, "নতুন আইনে কৃষি জমি সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আইনটি সংসদে পাস হওয়ার পর নিজের জমিতেও যে কোনো অবকাঠামো নির্মাণ করতে সরকারের অনুমতি প্রয়োজন হবে। এজন্য একটি কমিটি থাকবে। আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকবে।
"প্রস্তাবিত নতুন আইনে পাহাড় কাটা বন্ধ এবং দখল হওয়া কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করে সংরক্ষণ করারও বিধান রাখা হচ্ছে। কৃষি জমি ছোট খণ্ডে ভাগ করা রোধেও এতে কড়াকড়ি আরোপ করা হবে। এছাড়া কৃষি জমির অনুপস্থিত মালিকদের জমিও ব্যবহার নিশ্চিত করা হবে।"
তিনি বলেন, "বসতবাড়ি নির্মাণে কৃষি জমির পরিবর্তে গ্রামীণ এলাকায় 'মডেল হাউস' ও পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার কথা বলা হয়েছে এ আইনে। এছাড়াও সামাজিক বনায়ন ও বিদ্যমান জলাশয় উন্মুক্ত রাখার বিধান রাখা হবে।
"এতে চিহ্নিত অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনের নিয়ম রাখা হয়েছে। নির্দিষ্ট অঞ্চলের বাইরে কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপনে শাস্তির বিধানও রাখা হয়েছে আইনটিতে।"
ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এক কোটি ৭৫ লাখ হেক্টর আবাদি জমির মধ্যে এক কোটি ৪৪ লাখ হেক্টর জমিতে ফসলের চাষ হয়। দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৬ কোটি। জনপ্রতি ভূমির পরিমাণ গড়ে ২৪ শতাংশ এবং চাষযোগ্য জমি ১৫ শতাংশ। বছরে প্রায় ২৫ লাখ জনসংখ্যা বাড়ায় মাথাপিছু জমির পরিমাণও কমছে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে নগরায়ন ও শিল্পায়নের কারণে জমি কমে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১০২৭ ঘ.
bdnews24