ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট-এর কার্যকারিতার উপর আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইসির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোববার ইসির গেজেট-এর কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে এবং গেজেট কেনো বাতিল করা হবে না-তা জানতে চেয়ে তিন সপ্তাহের মধ্যে রুলনিশি জারি করে।
এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, "ইসির গেজেট প্রকাশের সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা নেওয়া হয়েছিল আদালতের নির্দেশনা মেনেই। এখন হাইকোর্ট গেজেট-এর কার্যকারিতা স্থগিত করেছে। এ স্থগিতাদেশের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর আইনিভাবে তা মোকাবেলা করা হবে।"
ইসি আদালতের কপি'র অপেক্ষায় রয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, "আদালতের রুলের জবাব দেবো।"
তিনি জানান, আদালতের স্থগিতাদেশের ফলে মহীউদ্দীন খান আলমগীরের সদস্য পদ বহাল রয়েছে। সংসদে যেতেও তার কোনো বাধা নেই।
ইসির আইনি লড়াইয়ের প্রক্রিয়া কী হবে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, "সার্টিফাইড কপি পাওয়ার পর দেখবো- কোন গ্রাউন্ডে আদালত এটা স্থগিত করেছে। তার ভিত্তিতে আমরা নতুন করে আপিল করতে পারি অথবা এ মামলাতেও ইসির বক্তব্য তুলে ধরবে আমাদের আইনজীবী।"
রোববার এক প্রতিক্রিয়ায় মহীউদ্দীন খান আলমগীর অভিযোগ করেন, "অশোভন 'দ্রুতগতিতে' ইসি এ আসনটি শূন্য ঘোষণা করে।"
মহীউদ্দীনের আইনজীবী মোস্তাফিজুর রহমান খানও জানান, ইসি সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করায় আদালত তা স্থগিত করে।
এ বিষয়ে জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "আদালতের নির্দেশনা মেনেই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ইসির সিদ্ধান্তও সঠিক ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৫৩৪ ঘ.
bdnews24