ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় ভালোভাবে পর্যালোচনা না করেই 'অশোভন দ্রুতগতিতে' ইসি তার সদস্যপদ বাতিল করে বলে মন্তব্য করেছেন মহীউদ্দীন খান আলমগীর।
চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটের কার্যকারিতা হাইকোর্ট রোববার স্থগিত করার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন আলমগীর।
তার প্রার্থিতা বাতিল করে গত ২২ সেপ্টেম্বর তার নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।
পরদিনই আসনটি শূন্য ঘোষণা করে বিশেষ গেজেট (২২ সেপ্টেম্বর তারিখ দিয়ে) প্রকাশ করে ইসি। এ আসনে ২২ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতার কথাও জানায় ইসি।
রোববার মহীউদ্দীনের রিট আবেদনের প্রেক্ষিতে ওই গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
মহীউদ্দীন খান বলেন, "আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছিল তা ছিল বেআইনি ও সংবিধানপরিপন্থী। হাইকোর্ট এ বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধানকে সম্মুন্নত রেখে অর্ন্তবর্তীকালীন সিদ্ধান্ত দিয়েছেন।'
তিনি বলেন, "এখন জনগণের রায় ও অভিপ্রায়কে সমুন্নত রাখতে হাইকোর্টের সিদ্ধান্ত সাংবিধানিক ও আইনগতভাবে অনুসরণ করতে হবে।"
গত সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজা হওয়ায় মহীউদ্দীনের মনোনয়নপত্র বাতিল হয়। এরপর উচ্চ আদালতে আবেদন করে তিনি নির্বাচনে অংশ নেন।
অবশ্য উচ্চ আদালত ওই দুর্নীতি মামলায় আলমগীরের সাজা বাতিল করেছে।
তিনি সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আলমগীর চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ লাখ ৭ হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০২৭ ঘ.
bdnews24