ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা লাশটি সনাক্ত করেছে নিহতের স্বজনরা।
নিহতের নাম মো. মিজানুর রহমান। তিনি মিরপুর ৬/ডি মসজিদ মার্কেটের দি মিজান জুয়েলার্সের মালিক।
রোববার বিকাল ৪টায় মিজানের বড়ভাই আইয়ূব আলী ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে মিজানের লাশ সনাক্ত করেন।
শনিবার রাত ৮টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় ট্রাভেল ব্যাগের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় মিজানের লাশ পাওয়া যায়।
মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিল মিজান। রোববার সংবাদপত্রে খবর দেখে মিরপুর থানায় গিয়ে ছবি দেখে তারা নিশ্চিত হন, নিহত যুবক তাদের ভাই।
ব্যবসায়িক লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে মিজানের পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮২৪ ঘ.
bdnews24