ফেনী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামে শনিবার ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত সাজ্জাদ হোসেন মিমু (৬) সফরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
মিমুর বাবা মফিজ উদ্দিন জানান, সুন্নতে খাৎনা করানোর জন্য সকালে তিনি মিমুকে স্থানীয় আমিরউদ্দিন মুন্সি বাজারে 'পল্লী চিকিৎসক' কামাল উদ্দিনের ফার্মেসিতে নিয়ে যান।
কামাল উদ্দিন শিশুটির শরীরে পরপর তিনটি ইনজেকশন দিলে সে অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে তার নাকে ও মুখে ফেনা বের হতে থাকে।
পরে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর কামাল উদ্দিন পালিয়ে গেছেন।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছে বলে মনে হচ্ছে।
আমিরউদ্দিন মুন্সি বাজারে কামাল উদ্দিন নামে কোনো পল্লী চিকিৎকের নাম তার জানা নেই বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24