২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রড দিয়ে পিটিয়ে হত্যা

মার্বেল খেলা নিয়ে বিবাদে শরীয়তপুরে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্বেল খেলা নিয়ে বিবাদে শরীয়তপুরে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সিরাজ সরদার (৫৫)। সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর লক্ষ্মীনারায়ণ গ্রামে শুক্রবার তিনি নিহত হন বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহতের বড় ভাই আবদুল মজিদ সরদার সাংবাদিকদের জানান, মার্বেল খেলা নিয়ে দুপুরে দু'দল কিশোরের ঝগড়া হয়। তা থামাতে গিয়েছিলেন সিরাজ। মজিদ বলেন, "সেলিম সরদার ও তার ছেলে সাইফুল ইসলাম লোহার রড দিয়ে সিরাজকে এলোপাথাড়ি পেটায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।" সিরাজকে বাঁচাতে গিয়ে তার স্বজন বানেজা বেগম (৩৫), সরবানু (৪০), উজ্জল সরদার (৩০)ও আহত হন। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা চলছে। এ বিষয়ে পালং থানার ওসি মো. রবিউল আলম সাংবাদিকদের বলেন, যাদের মধ্যে মারামারি হয়েছে তারা পরস্পর চাচাত ভাই। বাচ্চাদের মার্বেল খেলাকে কেন্দ্র করে বড়দের ঝগড়ার এক পর্যায়ে খুনের ঘটনা ঘটে। লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.