২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে শুরু হলো 'রোড টু সুন্দরবন'

পর্যটন শহর কক্সবাজার থেকে শুক্রবার শুরু হয়েছে প্রিয়াব-পর্যটন রোড শো 'রোড টু সুন্দরবন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 08:21 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শহর কক্সবাজার থেকে শুক্রবার শুরু হয়েছে প্রিয়াব-পর্যটন রোড শো 'রোড টু সুন্দরবন'। এই রোড শো'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার। সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রোড শো শুরু করা হয়। এছাড়া সৈকতের লাবণী পয়েন্টে দিনব্যাপী পর্যটন মেলাও শুরু হয়েছে। বিশ্ব পর্যটন দিবস ও প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায় সুন্দরবনকে আরো এগিয়ে নেওয়ার জন্য সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) যৌথভাবে এই রোড শো'র আয়োজন করেছে। পর্যটন কর্পোরেশন কর্মকর্তা পারভেজ আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, রোড শো'র গাড়িবহর চট্টগ্রাম হয়ে ঢাকা যাবে। আগামী ২ অক্টোবর খুলনায় গিয়ে তা শেষ হবে। প্রিয়াব সভাপতি এম এনায়েত উল্লাহ জানান, রোড শো উপলক্ষে সারাদিন সৈকতে পর্যটন মেলা চলবে। বিকাল ৩টায় রোড শো'র গাড়িবহর কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার জানান, কক্সবাজার থেকে শুরু হয়ে রোড শো'র গাড়িবহর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনায় গিয়ে শেষ হবে। এই সময়ে মেলা, র‌্যালি ও কনসার্ট অনুষ্ঠিত হবে। পর্যটন কর্মকর্তা পারভেজ আহমদ চৌধুরী জানান, এবারের রোড শো'তে ২০টির বেশি গাড়ি থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.