চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ।
তিনি সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ ট্রাক অস্ত্র আটকের পর গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য ছিলেন ফররুখ আহমেদ। ওই কমিটির প্রতিবেদন প্রভাবিত ছিল না-এ বিষয়টি খতিয়ে দেখতে এ মামলার সাক্ষী হিসেবে তার জবানবন্দি নেওয়া হয়েছে।"
সিআইডি এর আগে ফররুখ আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহানগর হাকিমের খাস কামরায় জবানবন্দি দেন। হাকিম ওই সাবেক পুলিশ কর্মকর্তার ১৪ পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করেন।"
তদন্ত দলের অপর সদস্য এনএসআই'র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী সাক্ষী হিসেবে গত ১৬ সেপ্টেম্বর মহানগর হাকিম ওসমান গণির আদালতে জবানবন্দি প্রদান করেন।
আইও জানান, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র আটকের ঘটনায় রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং তদন্ত দলের প্রতিবেদনের ওপর সরকারের কোন মন্ত্রীর প্রভাব ছিল কি না সে সম্পর্কে তিনি বক্তব্য দিয়ে থাকতে পারেন।
এ সম্পর্কে আইও আর কিছু বলতে রাজি হন নি।
ফররুখ আহমেদ চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় পুলিশের ডিআইজি (সিআইডি) হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দুইদিন পর গঠিত ৫ সদস্যের তদন্ত দলের সদস্য ছিলেন তিনি।
তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত তদন্ত দলের অপর তিন সদস্য হলেন- তৎকালীন এনএসআই মহাপরিচালক এবং অস্ত্রের চালান আটককালীন ডিজিএফআই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, তৎকালীন ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলাম ও তৎকালীন এনএসআই পরিচালক এনামুর রহমান চৌধুরী।
এদের মধ্যে রেজ্জাকুল হায়দার চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা দায়ের করা হয়।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফএল- এর তৎকালীন মহাপরিচালক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী এবং কাস্টমস এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৮৩৩ ঘ.
bdnews24