চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আগ্রাবাদে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে তার স্বামী।
নিহত বেবী আক্তার (২৬) নগরীর ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করে।
বেবীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তার স্বামী মো. হেলাল পেশায় রিকশা চালক।
তারা বেপারী পাড়ার আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকত।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে হেলাল ও বেবীর মধ্যে দীর্ঘক্ষণ ঝগড়া হয়। পরদিন সকাল ১০টা পর্যন্ত তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়।
পুলিশ কর্মকর্তা জানান, সকালেই বেবীর স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২৫৬ঘ.
bdnews24