ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি 'জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির' খসড়ায় বাধ্যতামূলক রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সোমবার এ কথা বলেছেন।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে দক্ষতা উন্নয়ন: পলিসি থেকে প্র্যাকটিস' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এবং নোরাগ যৌথভাবে দু'দিনব্যাপী এ আঞ্চলিক কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "বাংলাদেশের প্রায় ৬৫ লাখ শ্রমিক বিদেশে চাকরি করে। এদের অর্ধেকই অদক্ষ। দক্ষ হলে এরা দ্বিগুন অর্থ উপার্জন করতে পারতো। তাই 'ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির' খসড়ায় শ্রমিকদের বিদেশে পাঠাতে হলে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কোর্স করানোর বিধান রাখা হয়েছে।"
তিনি বলেন, "এখন যারা বাইরে যায় তাদের সংক্ষিপ্ত একটা ট্রেনিং দেওয়া হয়। কিন্তু এটি তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে না। তাই দক্ষতা বৃদ্ধির জন্যে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষানীতিতেও কারিগরি ও প্রশিক্ষণমূলক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।"
"প্রবাসীদের পাঠানো ১২ শতাংশ অর্থ জিডিপিতে যোগ হচ্ছে। কিন্তু যে শ্রমিকরা এখন কাজ করছে তারা দক্ষ হলে এ হার দ্বিগুন হতে পারতো।"
নাহিদ জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ২৫ টি নতুন কারিগরি কলেজ গড়ে তোলা হয়েছে। এর মধ্যে দু'টি মেয়েদের। যেসব জেলায় কারিগরি কলেজ নেই সেখানে কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর বলেন, "আমাদের দেশে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির যে প্রক্রিয়া তা খুবই মন্থর। কাজেই সরকারি উদ্যোগে এটা জোরালো করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
সেমিনারে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন, নোরাগের প্রতিনিধি কেনেথ কিং প্রমুখ।
এ কর্মশালায় কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়া থেকে বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৩২৬ ঘ.
bdnews24