২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী, মাদারীপুরে অ্যানথ্রাক্স রোগী সনাক্ত

ফেনী এবং মাদারীপুরে আরো দুইজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী এবং মাদারীপুরে আরো দুইজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় ৫৮৫ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হল। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের হিসাবে ১৮ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৫৮৩ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এরপর ফেনী ও মাদারীপুরে এ রোগ সনাক্ত হল। ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলার আক্রান্ত হয়েছেন ওয়াহিদের নেছা (৫০)। তিনি উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের প্রয়াত তোফাজ্জল হকের স্ত্রী। রোববার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আফসার তাদের বাড়ি গিয়ে প্রাথমিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তোর পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অগাস্ট ওয়াহিদের নেছার স্থানীয় চাঁদগাজী বাজার থেকে কেনা গরুর মাংস খান। এরপর থেকে তার শরীর খারপ হতে থাকে। কয়েকদিন পর তার ডান উরুতে ক্ষত দেখা দিলে প্রথমে তাকে গ্রাম্য চিকিৎসক, পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে ডা. মো. খায়রুল ইসলাম ও ডা. নুরুল আফসার তাদের বাড়ি গিয়ে প্রাথমিক পরীক্ষার পর ওয়াহিদের নেছার শরীরে অ্যানথ্রাক্স রোগ সনাক্ত করেন। এলাকায় এ ধরনের রোগী আরো আছে কিনা তার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে ডা. খায়রুল জানান। মাদারীপুর প্রতিনিধি জানান, রোববার জেলায় প্রথমবারের মতো অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে সদর উপজেলায়। ফজলুল হক (৪০) নামের ওই ব্যক্তি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল জব্বার হাওলাদার বলেন, সকালে ফজলুল হক হাসপাতালে চিকিৎসা নিতে এলে প্রাথমিকভাবে তার দেহের বিভিন্ন স্থানে অ্যানথ্রাক্স রোগের লক্ষণ দেখা যায়। তাকে আগামী তিনদিনের জন্য অ্যানথ্রাক্স রোগের ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.