ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক মিশনে শনিবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা গির্জার নৈশ প্রহরী ও দুই যাজককে বেঁধে রেখে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাত মিশনে ঢুকে প্রথমে নৈশ প্রহরী পাসকাল হাজদাকে বেঁধে ফেলে। পরে তারা প্রাচীর টপকে গির্জায় ঢুকে গেইটের গ্রিল কেটে দুই তলায় এসে যাজক রবি রোজারিও এবং প্রদীপ মারান্ডিকে বাথরুমে বেঁধে রেখে মালামাল লুট করে।
ডাকাত দল ওই মিশনের প্রধান রাফায়েল কুজুরের কক্ষসহ অপর যাজকদের ঘরে ঢুকে বিভিন্ন কাগজপত্র তছনছ করে বলে পুলিশ জানায়।
ডাকাতরা চলে যাওয়ার পর নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।
ডাকাতরা বয়সে তরুণ এবং মুখোশ পড়ে ডাকতি করতে এসেছিলো বলে যাজক রবি রোজারিও সাংবাদিকদের জানান।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জেলা পুলিশ সুপার বিএম হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/২০৫০ ঘ.
bdnews24