ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ফ্রান্স যাচ্ছেন।
আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন তিনি।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান মাহমুদ রোববার সকালে প্যারিসের পথে ঢাকা ছেড়ে যাবেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্টারপোল সদর দপ্তরে ২১ ও ২২ সেপ্টেম্বর বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে।
আইজিপি ওই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সন্ত্রাস দমনে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।
হাসান মাহমুদের অনুপস্থিতিতে পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাঈম আহমেদ ভারপ্রাপ্ত আইজিপির দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/এমআই/২০২০ ঘ.
bdnews24