ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বল অবকাঠামো, বিশেষ করে অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের কারণে বাণিজ্যের প্রসার ব্যাহত হওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ একধাপ পিছিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক সমীক্ষায় একথা বলা হয়েছে।
ড্যাভোস ফোরাম নামে পরিচিত ডব্লিউইএফ'র 'গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১০-২০১১' -এ অদক্ষ আমলাতন্ত্রকে দ্বিতীয় প্রধান প্রতিবন্ধক হিসাবে উল্লেখ করা হয়। এর পরেই রয়েছে দুর্নীতি।
বৃহৎ শিল্প উদ্যোক্তাদের ওপর জরিপের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।
বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ওই সমীক্ষার বাংলাদেশ পর্বটি প্রকাশ করে।
এ উপলক্ষ্যে এক সংবাদ ব্রিফিংয়ে সিপিডি'র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, "অবকাঠামোগত সুবিধার বিচারে নিচের দিকের ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।"
ডব্লিউইএফ'র গ্লোবাল কম্পিটেটিভনেস ইনডেক্সে গত বছরের চেয়ে এক অবস্থান পিছিয়ে ১৩৯টি দেশের মধ্যে এবার ১০৭ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সমীক্ষায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠান, অবকাঠামো, স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষার মতো মৌলিক সূচকে পিছিয়ে পড়ায় বাংলাদেশের অবস্থান নিচে নেমে গেছে।
এতে আরো বলা হয়, গত বছর সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও অধিকাংশ ব্যবসায়ী বিদ্যুতের অপ্রতুল সরবরাহকে বড় উদ্বেগের বিষয় হিসাবে চিহ্নিত করেছেন।
গোলাম মোয়াজ্জেম বলেন, "পুরো সমীক্ষায় এই একটি বিষয়েই সবচেয়ে বিরূপ অভিমত পাওয়া গেছে।"
ব্যবসায়ীরা অভিমত দেন, দেশের সাধারণ অবকাঠামো ব্যাপকভাবে অনুন্নতই রয়ে গেছে।
তিনি আরো বলেন, "অনুন্নত রেলপথ ও অভ্যন্তরীণ নৌ-পথসহ অপর্যাপ্ত বন্দর সুবিধার কারণে যাত্রী ও পণ্য পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি কমে গেছে।"
সুশাসন প্রসঙ্গে সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানান, কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রতি সরকারি কর্মকর্তাদের আচরণের কোনো পরিবর্তন হয় নি।
সরকারের নীতি প্রভাবিত করতে ঘুষ দেওয়ার রীতি অব্যাহত থাকলেও ব্যবসা পরিচালনায় এর তেমন প্রভাব পড়ছে না বলে তারা মত দেন।
তাতে আরো বলা হয়, ঋণ পাওয়া কিছুটা সহজ হলেও কর পদ্ধতি এখনো 'মাঝারি' ধরনের জটিল।
সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশ উত্তরদাতাই মনে করেন, ঋণে সুদের হার উঁচু এবং ব্যবসায় এর বিরূপ প্রভাব পড়ছে।
তবে শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহ ব্যবসার ক্ষেত্রে কম অসুবিধাজনক মনে হলেও বাজারে লেনদেন কারসাজির বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
এ বিষয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, "শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহে বাংলাদেশ শীর্ষ ১৫টি দেশের তালিকায় থাকলেও আমরা নতুন কোনো কোম্পানিকে তালিকাভুক্ত করতে পারি নি।"
ব্যবসা পরিচালনার বিষয়ে সমীক্ষায় বলা হয়, নতুন ব্যবসা শুরুর বিষয়টি সহজতর হয়ে উঠলেও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতে কিছু করপোরেট গ্র"পের আধিপত্য বাধাস্বরূপ।
সমীক্ষায় দূষণ বৃদ্ধির কারণ হিসাবে পরিবেশ সংরক্ষণে প্রচলিত আইন-বিধি কার্যকরের অভাবকে দায়ী করা হয়।
সিপিডি'র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান এ প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, প্রায় সব সূচকেই বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছে। যদি আমরা আলাদা করে বাংলাদেশকে বিবেচনা করি, তাহলে কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে।"
সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশে অপর্যাপ্ত অবকাঠামোর কারণে ব্যবসায়ীরা 'হতাশ' হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24