ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মারা গেছেন এক নারী ও তার মেয়ে।
বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে প্রগতি সরণীতে কোকাকোলার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন জহুরা বেগম (৩৫) এবং আসমা আক্তার (১০)।
গুলশান থানার উপ-পরিদর্শক মাসুদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ছালছাবিল পরিবহনের একটি বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। বাসের চালক মজনুকে পুলিশ আটক করেছে।
আসমা বাড্ডার জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় জহুরা বেগমের স্বামী আবু বকর সিদ্দিক বাদি হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচএ/এএনএস/এমআই/২০২২ ঘ.
bdnews24