২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে কুপিয়ে চোখে অ্যাসিড ঢেলে দিল সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ায় এক যুবককে কুপিয়ে তার চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় এক যুবককে কুপিয়ে তার চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। পুলিশ বলছে, তারা ঘটনাটি শুনলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি। তবে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের ভয়ে এ বিষয়ে কেউ মুখ খুলছে না। সন্ত্রাসী হামলায় আহত বেলাল উদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানায়। তারা বলছেন, ভোরে বেলালের ওপর হামলা হয়, যাতে আহত হন তার স্ত্রী হাজেরা বেগমও। বেলালের বাড়ি রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বাড়িতেই হামলার শিকার হয় বেলাল দম্পতি। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহকামাল চৌধুরী সাংবাদিকদের বলেন, "ভোর রাত ৫টার দিকে একদল দুষ্কৃতিকারী বেলালের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম চোখে অ্যাসিড ঢেলে দেয়। ওই সময় হাজেরাকেও বেধড়ক মারধর করা হয়।" উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম সকালে ঘটনাস্থলে যান। ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শুনে ওই এলাকায় যাই। তবে বেলালকে পাইনি। এলাকায় অনেককে জিজ্ঞেস করেছি। কিন্তু কেউ কিছু বলছে না।" তিনি একইসঙ্গে বলেন, "বেলাল ছেলেটিও ভালো না। হয়তো অন্য একটি গ্র"পের সঙ্গে বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে।" নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, স্থানীয় এক ইউপি সদস্যের ছেলেরা ওই হামলায় জড়িত। তবে তাদের হুমকিতে পুলিশকে কেউ কিছু বলতে সাহস করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.