২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার

বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ শেষ ব্যক্তির লাশও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 05:59 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ শেষ ব্যক্তির লাশও উদ্ধার করা হয়েছে। সোমবারের এ দুর্ঘটনায় মোট তিনজন মারা গেলেন। উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) জানায়, মংলা নদীর ফেরিঘাট এলাকা থেকে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাত ৮টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। নিহত মোহন (১৪) মেহেরপুর পৌর এলাকার বাসিন্দা মোক্তার হাজীর ছেলে। সে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। কোস্টগার্ড (মংলা-পশ্চিম জোন) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম সাংবাদিকদের জানান, মোহনের লাশ স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণে আসা একদল পর্যটক করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রলারটি (জালিবোট) বন্দরের ফুয়েল জেটির কাছে মংলা নদীতে উল্টে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন তলিয়ে যায়। মঙ্গলবার দুপুরে নিখোঁজ অপর দুইজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা। এরা হলেন- রাজমিস্ত্রী মাশিদুল ইসলাম (১৯) ও শামীম (১৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫৫ ঘ.