সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ঘণ্টা পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল ফের শুরু হয়েছে।
এর আগে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর প্রতিবাদে সকাল সাড়ে ৯টা থেকে সাভারের আমিনবাজারে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এর ফলে ঘটনাস্থলের দুই পাশের রাস্তায় শত শত গাড়ি আটকা পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, আমিনবাজারে মহাসড়কের পাশে বাসের কাউন্টার থাকায় মাঝে মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
সকালের দুর্ঘটনার পর অবিলম্বে ওইসব কাউন্টার তুলে নেওয়ার দাবিতে মহসড়ক অবরোধ করে তারা।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালানোর পাশাপাশি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ১০/১২ গাড়ি ভাংচুর করে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সাভারগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমিনবাজারে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত আব্দুল মোতালেব (৪৫) আমিনবাজারে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। তিনি আমিনবাজারের মানিকনগর এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে।
ঢাকা জেলার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মহাসড়কের দুই পাশের কাউন্টার তুলে নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী তিতাস পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ১০-১২টি যানবাহন ভাংচুর করে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমআই/১২২০ ঘ.
bdnews24