ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামের কারাদণ্ড বাতিল করে হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি এ বি এম খায়রুল হকের অবকাশকালীন চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
সেইসঙ্গে সরকারকে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল আবেদন দায়ের করতে বলা হয়েছে।
গত ১৬ অগাস্ট হাইকোর্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতির মামলায় মুফতি শহীদুলকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে দেয়।
২০০৮ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় মুফতি শহীদুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০০ঘ.
bdnews24